
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের যাত্রী ছাউনিতে শুক্রবার (১৪ আগস্ট) সকালে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। এরপর আজ সকালে তিনি যাত্রী ছাউনির ভেতরে সন্তান প্রসব করেন। বিষয়টি দেখতে পেয়ে আমরা কিছু কাপড় ও ব্যানার দিয়ে ওই নারী ও নবজাতককে আড়াল করি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে খবর দেওয়া হয়।
সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে ইউএনও আসমা উল হুসনার সঙ্গে ঘটনাস্থলে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরে প্রশাসনের উদ্যোগে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মা ও শিশুর নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।