
প্রধান সড়কে চলতে না দিলে পুরো রাজধানী দখলের হুঁশিয়ারি দিয়েছে অটোরিকশা চালকরা। এসময় বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) ধর্মঘটের ডাক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করে তারা।
এর একদিন আগে, ঢাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক দখল করে অটোরিকশা মালিক ও চালকরা। এতে প্রায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ রাখায় আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে বেশ কয়েকটি দাবি জানানো হয়। দাবি না মানলে পুরো ঢাকার রাজপথ দখলের হুঁশিয়ারি দেয় অটোরিকশা চালক ও মালিকেরা।
এদিকে, প্রেসক্লাবে বিক্ষোভের ভোর থেকেই ঢাকার ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, আগারগাঁও এলাকায় অবস্থান নেয় অটোরিকশা চালকরা। কোনো রিকশা রাস্তায় দেখলেই ব্যাটারির তার ছিঁড়ে দিতে দেখা যায় তাদের।
অটোরিকশাচালকদের রাস্তা দখল ও যান চলাচলে বাধা দেয়ার ঘটনায় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে।