
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুস গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে প্রশাসনিক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মাসুদ আলম নামে এক ব্যক্তি তার ‘আইটিভি’ ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে এএসআই অতনু বণিককে চুনারুঘাট থানার পুকুরপাড়ে বসে থাকতে দেখা যায়। সেখানে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুস নেওয়া এবং অন্য এক ব্যক্তিকে মামলায় জড়ানোর বিষয়ে কথোপকথনের দৃশ্য রয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে বিকালেই তাকে প্রত্যাহার করা হয়।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি গত মার্চ মাসের বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর মাত্র এক দিন আগেই চুনারুঘাট থানার আরেক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ঘুস গ্রহণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। পরপর দুই দিনে দুই পুলিশ কর্মকর্তার ঘুসের ভিডিও প্রকাশ্যে আসায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।