• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড সরকারকে অভিনন্দন জানিয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তার গাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪ যুবদল নেতাকে কুপিয়ে জখম, ক্ষোভে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ, গোপালগঞ্জ এড়িয়ে চলাচলের সিদ্ধান্ত কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা চালিয়ে তা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে’—এমন অভিযোগ তুলে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও রংপুর মহানগর যুবদলের ছয় নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পূজা উদযাপন পরিষদ। হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার দুপুরে রংপুর নগরীর শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

অভিযোগ রয়েছে, সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পরপরই কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ তুলে ৫০ থেকে ৬০ জন লোক হামলা চালান। পূজা উদযাপন পরিষদের দাবি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সুনীল রায় ও বিপ্লব রায় এবং মহানগর যুবদলের তিন নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটে।

এ সময় হাতাহাতি হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি রামজীবন কুণ্ডুসহ কয়েকজনকে মারধর করতে দেখা গেছে। এতে সংগঠনের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সামসুজ্জামান সামু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় তাকেও ধাক্কা দিতে দেখা যায়।

পরে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রংপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন।

পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলন করে আলোচনা শুরু করি। হঠাৎ করে ৪০ থেকে ৫০ জন লোক সশস্ত্র অবস্থায় এসে মঞ্চের সবকিছু ভেঙে ফেলেন। এ সময় বিএনপি নেতা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু চেষ্টা করেন তাদের থামাতে; কিন্তু তার কথা কেউ কর্ণপাত করেননি।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন সেখানে যাই, তখন মাত্র দুই-তিনজন পুলিশ ছিল। তারা কিছুই করতে পারেননি। এ পরিস্থিতিতে হামলাকারীরা পুরো সভাস্থল তছনছ করে এবং সেখানে যারা উপস্থিত ছিলেন, তাদের ভয় দেখিয়ে বের করে দেয়।’

সন্তোষ শর্মার অভিযোগ, ফ্রন্টের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সুনীল রায় ও বিপ্লব রায় হামলার নেতৃত্ব দিয়েছেন। তাদের সহযোগিতা করেছেন মহানগর যুবদলের আহ্বায়ক নূরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন।

সম্মেলনে আওয়ামী লীগের কয়েকজন নেতা উপস্থিত থাকার অভিযোগ প্রসঙ্গে সন্তোষ শর্মা বলেন, ‘যদি সেখানে মহানগরের কোনো নেতা থেকে থাকেন, তাহলে পুলিশ ধরুক। তারা পুলিশকে জানাবে যে, এখানে আওয়ামী লীগের নেতা আছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু তারা সেটি করেননি। মব তৈরি করে আমাদের সম্মেলন পণ্ড করবে—এই অধিকার তাদের কে দিয়েছে?’

তার দাবি, হামলাকারীরা আগের দিন তার সঙ্গে দেখা করে একজন নেতার নাম উল্লেখ করে বলেছিলেন, তাকে নেতা বানানো যাবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলেছি, ঠিক আছে, যদি আওয়ামী লীগের পদে থাকেন, তাহলে তিনি আমাদের পূজা পরিষদের নেতা হতে পারবেন না, কথা পরিষ্কার। কিন্তু তারা নিজেরাই নেতা হতে চেয়েছেন।’

সন্তোষ শর্মা জানান, তারা কখনো পূজা উদযাপন পরিষদ করেছেন কি না জানতে চাইলে তারা বলেছেন, না, তারা ফ্রন্টের নেতা। তখন তিনি তাদের বলেছিলেন, ‘তাহলে আপনারা ফ্রন্ট থেকে পদত্যাগ করে আসেন। রাতারাতি পূজা উদযাপন পরিষদের সভাপতি-সেক্রেটারি হওয়া যায় না। সংগঠনের গঠনতন্ত্র আছে এবং নেতাকর্মীরাই কে নেতা হবেন, তার সিদ্ধান্ত নেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যুবদলের কেন্দ্রীয় কমিটিকে জানাব, সরকারের ঊর্ধ্বতন মহলকে জানাব। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি এবং রংপুরের বিএনপির নেতাদের জানিয়েছি। তারা যদি দলীয়ভাবে ব্যবস্থা না নেন, তাহলে আমরা রংপুরবাসীর কাছে যাব, জনগণের কাছে যাব।’

পূজা উদযাপন পরিষদ সম্পর্কে সন্তোষ শর্মা বলেন, ‘পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এখানে বিভিন্ন দলের লোক আছে। এখানে বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোকও থাকতে পারে। যদি আওয়ামী লীগের লোক থাকে, তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু তারা হামলা চালিয়ে আমাদের সভা বন্ধ করার অধিকার পেল কোথায়?’

তিনি বলেন, ‘আমরা আশা করব, তাদের দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

এদিকে বিকেলে শহীদ আবু সাইদ স্টেডিয়ামের জিমনেসিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়। এ সময় হামলায় অভিযুক্ত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও যুবদল নেতারাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় বলেন, আয়োজকরা মহানগর পুলিশের কাছ থেকে অনুমতি না নিয়েই এ প্রোগ্রামের আয়োজন করেছে। শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টার অংশ হিসেবে আওয়ামী লীগ যখন দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, ঠিক তখনই পূজা উদযাপন পরিষদ রংপুরের সম্মেলনের মাধ্যমে চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের কমিটিতে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। সম্মেলনে আওয়ামী লীগের চিহ্নিত লোকজন ও জুলাই-আগস্টের হত্যা মামলার আসামিদের উপস্থিতিও দেখা গেছে। এ খবর পেয়ে সনাতন ধর্মাবলম্বীদের একটি পক্ষ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানায়।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর শুধু আওয়ামী লীগের লোকদের কমিটিতে রাখা হয়েছিল, তাদের কমিটিতে রাখা হয়নি, অথচ জুলাই অভ্যুত্থানের পরও আওয়ামী লীগের লোকজনকে নতুন করে কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে। পূজা উদযাপন পরিষদের সঙ্গে জড়িত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলার অভিযোগের বিষয়ে মহানগর যুবদলের নেতারা নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। তারা বলছেন, কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা হাতাহাতিতে জড়াননি বলে দাবি করেছেন।

ঘটনাস্থলে যুবদলের নেতারা কেন গেলেন, এ প্রশ্নের জবাবে মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন বলেন, আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং জুলাই আন্দোলনের মামলার আসামিদের পূজা উদযাপন পরিষদের কমিটিতে রাখা হলে তারা ভাঙচুর করবেন, নিজেদের লোক দিয়ে মন্দিরে ভাঙচুর চালাতে পারেন। পরে সেই দায় বিএনপির ওপর চাপানো হবে ও সরকারকে অস্থিতিশীল করা হবে বলে তার দাবি।

সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে তাদের আইনের হাতে তুলে না দিয়ে হাতাহাতির ঘটনা কেন ঘটল—এমন প্রশ্নে মহানগর যুবদলের নেতা নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের খবর শুনে সনাতনীদের একটি পক্ষ এসে প্রতিবাদ জানায়। এ সময় নিখিলেন্দ্র শংকর গুহ রায়কে হেনস্তা করা হয়। এ খবর শুনে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তারা হাতাহাতি করেননি।

মিলন বলেন, ‘উনাকে হেনস্তা করা হয়েছে, এটা শুনে আমরা এসেছি। ততক্ষণে বিষয়টি সেটেল হয়ে গেছে। আমরা বাইরে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছি যে, আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না।’

রংপুর মহানগর পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেছেন, সম্মেলন স্থলে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...