• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড সরকারকে অভিনন্দন জানিয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের আনন্দ মিছিল আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তার গাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪ যুবদল নেতাকে কুপিয়ে জখম, ক্ষোভে সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ, গোপালগঞ্জ এড়িয়ে চলাচলের সিদ্ধান্ত কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে প্রাণ গেল যুবকের, স্ত্রী-সন্তান জীবিত উদ্ধার বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

আওয়ামী লীগ সন্দেহে ইসলামী বক্তার গাড়িতে হামলা-ভাঙচুর

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নেত্রকোণায় মাহফিল শেষে ফেরার পথে গভীর রাতে নওমুসলিম ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন সন্দেহে’ গাড়িটি থামানোর চেষ্টা ও ধাওয়া করে বলে অভিযোগ উঠেছে। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরাও হামলাকারীদের ডাকাত ভেবে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে সাহায্য চান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে নেত্রকোণা শহরের চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় নোমানীসহ তার সঙ্গীরা মারধরের শিকার হন এবং তাদের গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৬০ সেকেন্ডের একটি ভিডিওতে নোমানীকে আতঙ্কিত কণ্ঠে সাহায্য চাইতে দেখা যায়। সেখানে তিনি বলেন, ‘আমাদেরকে বাঁচান, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আমাদেরকে বাঁচান।’

ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আল্লাহ তুমি হেফাজত কর। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও। আমি নও মুসলিম অয়াসেফ বিল্লাহ নোমানী, আমাকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি বাঁচাও।’

ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, মাহফিল শেষে একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে তারা পূর্বধলায় নিজেদের বাড়ির দিকে রওনা হন। চল্লিশা বাইপাস এলাকায় পৌঁছালে লাঠি হাতে কয়েকজন গাড়িটি থামানোর সংকেত দেন। ডাকাত আশঙ্কায় গাড়ি না থামিয়ে সামনে এগিয়ে গেলে কয়েকজন মোটরসাইকেলে করে গাড়িটির পিছু নেন এবং হামলা শুরু করেন।

পরিস্থিতি জটিল দেখে গাড়ি ঘুরিয়ে নেত্রকোণা সদর থানার দিকে রওনা দিলেও হামলা থামেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। থানায় যাওয়ার পর তারা জানতে পারেন, রাস্তায় পাহারারত সরকারদলীয় নেতাকর্মীরা গাড়ি না থামানোয় সেটিকে আওয়ামী লীগের গাড়ি মনে করেছিলেন এবং সেই ভুল ধারণা থেকেই ধাওয়া ও ভাঙচুর চালান।

নেত্রকোণা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘এটা একটা ভুল-বোঝাবুঝি ছিল। ঘটনা সংসদ সদস্যকে জানানো হয়েছে। তিনি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন। এটা কোনো ডাকাতির ঘটনা নয়।’

এ বিষয়ে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. আনোয়ারুল হক বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন রাতে এলাকায় ঢুকে গুপ্ত হামলা, মিছিল কিংবা অগ্নিসংযোগ করতে পারে-এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীরা পাহারায় ছিলেন।

তিনি বলেন, ‘এই গাড়িটি যখন যায়, তখন আমাদের লোকজন থামানোর সংকেত দিলে তিনি না থামিয়ে বেপরোয়া গতিতে লোকজনের ওপর দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। তাই আমাদের লোকজন মনে করেছিল, হয়তো গাড়িতে ফ্যাসিস্টের লোকজন আছে। এ কারণে তারা হয়তো ধাওয়া করেছিল। অন্যদিকে উনি ‘‘ডাকাত, ডাকাত’’ বলে চিৎকার শুরু করেছিলেন। তিনি গাড়ি থামালে এমনটা হতো না। এ বিষয়ে আমরা তাকে সরি বলেছি। এটা একটা ভুল-বোঝাবুঝি ছিল।’

কোনো নেতাকর্মী ভুক্তভোগীদের সঙ্গে অশালীন আচরণ করে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...