
বরিশাল সদর উপজেলার চরমোনাইতে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘরবাড়ির বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত গভীর রাতে চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজধর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (২৮ জুন) দিবাগত গভীর রাতে চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজধর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ খলিলুর রহমানের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ও মাদকসেবীদের কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছেন। তার ধারণা, এ কারণেই ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার বসতঘরে আগুন লাগিয়ে থাকতে পারে।অগ্নিকাণ্ডে ঘরের বিভিন্ন আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায় বলে জানান তিনি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন-উল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।