
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন নিষিদ্ধ সংগঠন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের বটতলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাঁর মা বিলকিস আমিনের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়।
বিলকিস আমিন সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। আজ বুধবার সকাল ৮টার দিকে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে হাবিবের উপস্থিতিতে জানাজা সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী হাবিবকে মায়ের জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, জানাজার সময় এলাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছিল। জানাজা শেষে হাবিবকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস বলেন, মায়ের জানাজায় অংশ নিতে বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাবিবকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে তাঁকে কারাগারে ফিরিয়ে আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তিনি কারাবন্দী রয়েছেন।