
পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার আড়ালে এক কিশোরীকে যৌন নিপীড়ন, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের অভিযোগে করা মামলার প্রধান আসামি তাইজুল ইসলাম মুসাকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের সিক্সলেন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কলাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মো. হামিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার তাইজুল ইসলাম মুসা উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়া কবিরাজ হিসেবে পরিচিত।
এ ঘটনায় গত ৩১ অক্টোবর ভুক্তভোগী কিশোরীর বাবা মেহেদী হাসান রিয়াজ বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় মুসা ও তার স্ত্রীসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এসআরবি মুসাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।