• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

বরিশালে ভিক্ষুক সেজে আশ্রয়, বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালে ভিক্ষুক সেজে আশ্রয় নিয়ে বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে গত বুধবার (০১ জুলাই) রাত ১২টার দিকে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধার নাম- সাফিয়া খাতুন (৭০)। তিনি ওই গ্রামের ফুল শরিফের স্ত্রী।

গ্রেপ্তার দুজন হলেন- রুমা বেগম (৪৫) ও তার ছেলে মো. শাকিলকে (২৪)। তারা একই ইউনিয়নের বুখাইনগর ইছাগুড়া গ্রামের মো. সেলিমের স্ত্রী ও ছেলে।

মামলার বাদী ভুক্তভোগীর ভাই আশরাফ আলী সিকদার বলেন, অভিযুক্তরা চরমোনাই এলাকার বাসিন্দা। ঘটনার ৪/৫ দিন আগে অভিযুক্ত রুমা বেগম নিজেকে অসহায়, ভিক্ষুক এবং ঝালকাঠির বাসিন্দা পরিচয় দিয়ে আমার বোন সাফিয়া বেগমের বাড়িতে রাত্রিযাপনের জন্য আশ্রয় চান।

তিনি আরও বলেন, সরল বিশ্বাসে রুমা বেগমকে বাড়িতে আশ্রয় দেন আমার বোন। রাতে থেকে সকালে ভিক্ষাবৃত্তির কথা বলে চলে যান অভিযুক্ত নারী। বুধবার রাত ৮টার দিকে অভিযুক্ত রুমা পুনরায় বোনের বাড়িতে এসে রাত্রিযাপনের জন্য অনুরোধ করেন। এসময় সঙ্গে করে দুটি কাপ আইসক্রিম নিয়ে আসেন। এসময় বাড়ির পাশেই ঘোরাফেরা করেন অভিযুক্তের ছেলে শাকিল।

অভিযুক্ত নারী ভিক্ষুকের নিয়ে আসা আইসক্রিম খেয়ে রাত সাড়ে ১২টার দিকে অচেতন হয়ে পড়েন আমার বোন। সেই সুযোগে ঘরে প্রবেশ করে শাকিল। তখন রুমা আমার বোনের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয়। পরে কানের দুল খোলার সময় টের পেয়ে রুমার হাত চেপে ধরে বোন। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায় কানের দুল এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় রুমা বেগম।

মা-ছেলে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় বোন সাফিয়া খাতুন বাধা দেয়। এসময় ঘরে থাকা বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে পেটে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে মা-ছেলে।

তার ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত মা-ছেলে পালিয়ে যায়। পরে বোনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসক।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বৃদ্ধা বাড়িতে একাই থাকেন। সেই সুযোগে ভিক্ষুক সেজে ওই নারী ও তার ছেলে বৃদ্ধার ঘরে আশ্রয় নিয়ে কুপিয়ে স্বর্ণালংকার লুট করে। অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করার পর শুক্রবার মধ্যরাতে মা এবং ছেলে গ্রেপ্তার করতে সক্ষম হই।

তিনি আরও বলেন, ভুক্তভোগীর ভাই মামলা করেছেন। আসামিদের আদালতে সোপর্দ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...