
বরিশাল-বানারীপাড়া মহাসড়কে দ্রুতগামী যাত্রীবাহী বাস খাদে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে পড়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। এতে বাসের আরও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা।
বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।
যাত্রীদের অনেককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানিয়েছেন, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের কাজ শুরু করেছে।