
বরিশাল মহানগরীর কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কলোনিতে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘের সংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, পুলিশের অভিযান টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে, যেখানে আটককৃত রাসেল এবং পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।