• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ধর্ষণচেষ্টা থেকে বাঁচতে আত্মরক্ষার জন্য ব্লেডের আঘাত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠি সদর উপজেলায় এক গৃহবধূর বিরুদ্ধে তার ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। তবে গৃহবধূর দাবি, তাকে ধর্ষণের চেষ্টা করা হলে আত্মরক্ষার জন্য আঘাত করেন।

আহত ব্যক্তিকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার বাসিন্দা। তিনি মৃত মোশাররফ মল্লিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্বজন ও স্থানীয়রা আহত মিঠু মল্লিককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

অভিযুক্ত গৃহবধূ দাবি করেন, তাঁর স্বামী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন এবং ননদও কর্মস্থলে ছিলেন। সেই সুযোগে মিঠু মল্লিক বাড়িতে এসে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর অভিযোগ, মিঠু দীর্ঘদিন ধরে তাঁকে উত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে তিনি আত্মরক্ষার্থে ব্লেড দিয়ে আঘাত করেন।

অন্যদিকে, আহত মিঠু মল্লিকের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...