
বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নসিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের দোনা এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫), নজরুল খানের ছেলে আমিন খান (২২) ও জামাল মাস্টারের ছেলে শোয়েব (১৬)।
আহতরা হলেন- মোহাম্মদ রিয়াদ, রিয়াজুল ইসলাম, মো. সিয়াম, পিরোজপুর থেকে আসা উজ্জ্বল চন্দ্র দাস, অপর্ণা দাস এবং তার আড়াই বছর বয়সী শিশুসন্তান উমা দাস।
দুর্ঘটনায় আহত আরও ৬ জনকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ২ জনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাজনিত কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘাতক যানবাহন জব্দসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।