
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সেবনের জন্য বাবার কাছে ২০০ টাকা চাওয়ার পর ২০ টাকা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে মারধরের ঘটনায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই এমদাদ হোসেন রাসেল (৩৫) খুন হয়েছে। ডাব কাটার হাসুয়া দিয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইমরান হোসেন (৩০) এর বিরুদ্ধে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে রাসেল তার বাবা আহাদ হোসেনের কাছে ২০০ টাকা চান। রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত থাকায় তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ ছিল বলে স্থানীয়রা জানান। এ কারণে বাবা আহাদ হোসেন ২০০ টাকার পরিবর্তে তাকে ২০ টাকা দিয়ে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল তার বাবাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। বাবাকে মারধরের ঘটনা জানতে পেরে ছোট ভাই ইমরান হোসেন বাড়িতে গিয়ে বাবার ডাব কাটার হাসুয়া দিয়ে রাসেলের পায়ে কোপ দিলে সে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা রাসেলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে গাড়ির মধ্যেই রাসেলের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান বলেন, ছোট ভাইয়ের হাসুয়ার কোপে রাসেল নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।