
শিক্ষার্থীদের আন্দোলনের পরও দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের ৫ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়ে রেখেছেন একদল পরীক্ষার্থী।
এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অনেক অভিভাবক কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। অন্য দিনগুলোতে তাদের অনেকে সকালে কেন্দ্রে সন্তানকে দিয়ে বাসায় বা অফিসে চলে যান। তবে আজ তারা অপেক্ষায় রয়েছেন। সন্তানকে পরীক্ষা শেষে যে কোনোভাবে বাসায় নিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
এক ছাত্রীর বাবা বলেন, আন্দোলনে গিয়ে পরীক্ষার আগে আহত বা অসুস্থ হয়ে পড়লে পরে পরীক্ষাই তো দিতে পারবে না। সেজন্য বলেছি আন্দোলনে যাওয়া যাবে না। তারপরও নিশ্চয়তা নেই। সেজন্য ব্যবসা ফেলে মেয়েকে নিতে এসেছি।
এদিকে, পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দিয়েছেন। ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন।