• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম

ছদ্মবেশে এসআরবির এক অভিযানে চমেকের ২০ দালাল আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজন সেজে অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে এসআরবি। আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

চমেক সূত্র জানায়, এসআরবির একটি দল সাদাপোশাকে রোগী ও স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অবস্থান নেয়। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা, বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, চমেক হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে এ অভিযান চালানো হয়েছে। কয়েক দিন ধরে সাদাপোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাদের বিরুদ্ধে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। এসব তথ্যপ্রমাণের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।

দালালদের তৎপরতা তুলে ধরে তিনি বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা কয়েক ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের বেড পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল, আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করেন।

রোগী ও স্বজনদের উদ্দেশে এসআরবি অধিনায়ক বলেন, সরকারি এ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। তাই রোগী ও স্বজনদের ধৈর্য ধরতে হবে, কাউকে টাকা দেওয়া যাবে না এবং দালাল চক্রের কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এ ক্ষেত্রে নিজেদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

অভিযানে একজন সরকারি কর্মচারীকে আটক করার বিষয়ে এসআরবি অধিনায়ক বলেন, পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে আটক করার ঘটনা ঘটতে পারে। তবে পরে যাচাই-বাছাইয়ে তার সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালের সিন্ডিকেট ও দালাল প্রতিরোধে এসআরবি-৭, চট্টগ্রামের বিশেষ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত ২০ জনকে মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক দালাল চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা মূলত গ্রামের দরিদ্র, অসহায় ও সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগীদের লক্ষ্য করেন। পরে সরকারি হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বলে রোগী ও স্বজনদের মধ্যে ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...