
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আবেদন শেষে আগামী ১ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে আবেদন না করা বা কলেজ না পাওয়া শিক্ষার্থী, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে না পারা কিংবা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা এই ধাপে আবেদনের সুযোগ পাবেন।
প্রথম ধাপে আবেদন করে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে পুনরায় ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না; তারা নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) লগইন করে কলেজ পুনঃনির্বাচন বা সংশোধন করতে পারবেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের খালি আসন দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন ও নির্বাচন বাতিল বলে গণ্য হবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। এরপর আগামী ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়, যেখানে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী মনোনীত হন। তাদের প্রাথমিক ভর্তি কার্যক্রম আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।