
ঢাকার আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিলের খবর পেয়ে অভিযান চালিয়ে সংগঠনটির আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে আশুলিয়ার টংগাবাড়ী বঙ্গবন্ধু রোড এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করছেন-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে টংগাবাড়ী বঙ্গবন্ধু রোডসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পাবনা জেলার বেড়া থানার বাঙ্গাবাড়ি জুরদা এলাকার মো. জামিরের ছেলে সিহাব (২২), একই থানার মাসুদ মোল্লার ছেলে দুলাল (১৯), পাবনার সাঁথিয়া থানার গুগুদাও এলাকার জিল্লুর রহমান জালুর ছেলে জিহাদ (১৯), একই থানার সোনাতলা এলাকার ফরিদের ছেলে বিজয় (২২), হাসানের ছেলে নাসির (১৯), হাবুল মিয়ার ছেলে ইমরুল (১৯), মুকুলের ছেলে মাহফুজ (১৯) এবং সুজানগর থানার হাটখালি এলাকার রাজ্জাকের ছেলে রাজ (১৯)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার আটজনই আশুলিয়ার চারাবাগ বি-বাংলা ছাপড়া মসজিদ এলাকার বকুলের বাড়ির ভাড়াটিয়া। তারা সবাই ছাত্রলীগের সক্রিয় সদস্য।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।