
ভারতে ভ্রমণ, চিকিৎসা, পড়াশোনা কিংবা ব্যবসার উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে দেশটির সরকার। ভিসার শ্রেণি ও উপশ্রেণি কমানোর পাশাপাশি আবেদনপত্রের তথ্য দেওয়ার ঘরও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন এ উদ্যোগে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি বিভিন্ন উদ্দেশ্যে ভারতে যাতায়াতের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামোয় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে। ফলে আবেদনকারীদের কম তথ্য দিয়েই আবেদন সম্পন্ন করার সুযোগ তৈরি হবে।
নতুন ব্যবস্থায় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয় শ্রেণিতে ভিসা দেওয়া হবে। গত ২৭ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার শ্রেণি কমানোর সিদ্ধান্তের কথা জানালেও বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন কাঠামোর ঘোষণা দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসার প্রধান শ্রেণি ২২টি থেকে ১৩টি এবং উপশ্রেণি ৬৩টি থেকে ৪৯টিতে নামানো হয়েছিল।
ট্যুরিস্ট ভিসার নতুন নাম ভিজিটর
নতুন নিয়মে আগের ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। এ শ্রেণিতে ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্যসেবামূলক অবকাশ, স্বল্পমেয়াদি চিকিৎসা, ট্রানজিট এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে এ ভিসায়।
অন্যদিকে আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এ ভিসায় ভি-১-এর আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগ থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসা ও শিক্ষায় নতুন সুযোগ
চিকিৎসাসেবাভিত্তিক পর্যটনকে উৎসাহিত করতে চিকিৎসা ভিসায় নতুন শ্রেণি যুক্ত করা হয়েছে। আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য থাকবে এম-৩ এবং অন্যান্য চিকিৎসার জন্য এম-১ ভিসা। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। এম-১ ভিসাধারীদের সহকারীরা এম-২ এবং এম-৩ ভিসাধারীদের সহকারীরা এম-৪ ভিসা পাবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হিল ইন ইন্ডিয়া’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসাসেবাভিত্তিক পর্যটন সম্প্রসারণও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থী ভিসার ক্ষেত্রেও করা হয়েছে নতুন বিন্যাস। এস-১ শ্রেণির আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা এবং এস-২ শ্রেণির আওতায় পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক, ইন্টার্নশিপ ও বিনিময় কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা কোর্সের মেয়াদ পর্যন্ত—যেটি কম—ই-এস১ ভিসা পাবেন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। এ ছাড়া যোগব্যায়াম, ভারতীয় সংগীত ও নৃত্য, বৈদিক সংস্কৃতি এবং বৌদ্ধধর্মবিষয়ক পড়াশোনাও শিক্ষার্থী ভিসার আওতায় থাকবে।
ব্যবসা ও কর্মসংস্থানে নতুন কাঠামো
ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ব্যবসায়িক উদ্যোগ প্রতিষ্ঠাসহ দীর্ঘমেয়াদি কার্যক্রমের জন্য দেওয়া হবে বি-১ ভিসা। অন্যদিকে স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজের জন্য থাকবে বি-২ ভিসা।
ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, মান যাচাই, উৎপাদন, তথ্যপ্রযুক্তি সহায়তা, কর্মীদের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের কাজে যুক্ত বিদেশি কারিগরি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও দক্ষ পেশাজীবীরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাবেন। আগে এ ধরনের ভিসা ই-বি৪ শ্রেণিতে দেওয়া হতো।
এ ছাড়া ভারতের কোম্পানি, বেসরকারি সংস্থা ও ধর্মীয় প্রচারমূলক কাজে যুক্ত প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের জন্য কর্মসংস্থান ভিসার ব্যবস্থা থাকছে।
কূটনীতিক, সাংবাদিক ও অন্যান্যদের জন্য আলাদা ব্যবস্থা
নতুন কাঠামোয় কূটনীতিক, জাতিসংঘের কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য কূটনৈতিক ভিসা রাখা হয়েছে। স্বীকৃত সাংবাদিকেরা পাবেন সাংবাদিক ভিসা। জাতিসংঘের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যসহ অ-কূটনৈতিক সরকারি কর্মকর্তাদের জন্য থাকবে সরকারি ভিসা।
অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী বা স্ত্রী ও সন্তান, বিদেশি নাগরিকদের পরিবারের সদস্য এবং নির্দিষ্ট উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য বিবিধ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।
বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয় বলে জানিয়েছে দ্য স্টেটসম্যান।