
ব্রাহ্মণবাড়িয়ায় পুত্রবধূর তুচ্ছ-তাচ্ছিল্য ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে চিরকুট লিখে কীটনাশক পানে জসিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রামের একটি মসজিদের সামনে তিনি কীটনাশক পান করেন। নিহত জসিম উদ্দিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, পুত্রবধূ মাছুমার সঙ্গে অভিমান করে ভোরে কীটনাশক পান করার পর জসিম উদ্দিন মসজিদের বারান্দায় শুয়ে থাকেন। খবর পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করালেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান, যাতে লেখা ছিল— ‘আমি হতভাগা, ছেলের বউয়ের জ্বালায় মরিলাম।’
নিহতের ছেলে হাসান মিয়া অভিযোগ করেন, তার স্ত্রীর কটু কথা ও অপমান সহ্য করতে না পেরেই তার বাবা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পুত্রবধূ মাছুমা পলাতক রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত পুত্রবধূকে গ্রেপ্তারে তদন্ত চলছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।