• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

চুয়েটের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে চুয়েটের পুকুরে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যান। এ সময় অন্য শিক্ষার্থীরা পানিতে নেমে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত দেব।

নিহত দুই শিক্ষার্থীই সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এদিকে, একই পুকুরে গত ২৮ জুলাই যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা পানিতে ডুবে মারা যান। দুই সপ্তাহের ব্যবধানে একই পুকুরে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

একাধিক শিক্ষার্থী জানান, একই পুকুরে বারবার দুর্ঘটনা ঘটায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে পুকুরটি সেচে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহত দুই শিক্ষার্থীর মরদেহ তাদের বাড়িতে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি বাসের ব্যবস্থা করা হবে। এসব বাসে নিহতদের সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও যেতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...