সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নীলফামারীর ডিমলা উপজেলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে আহত হয়েছেন জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার। এ ঘটনায় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাউতারা নদীর ওপর দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী সেতু না থাকায় ওই এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্যসহ নেতাকর্মীরা সাঁকোর ওপর ওঠার পর একসঙ্গে অনেক লোকের ভারে হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান। তাদের মধ্যে তিনজন আহত হন। তবে সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়ে ছিলেন, সেটি ভেঙে না পড়ায় তিনি অক্ষত থাকেন।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, “এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের সাঁকোটি পরিদর্শনের জন্য সাঁকোর ওপর উঠেছিলেন। লোকজন বেশি হওয়ায় হঠাৎ একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।”
ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, “এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেছেন। আমি ও সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে গিয়ে জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিনজন আহত হয়েছেন।”তিনি আরও বলেন, নাউতারা নদীর ওপর সরকারি অর্থায়নে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
স্থানীয়দের দাবি, নাউতারা নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবেন।
এ রকম আরো সংবাদ...