• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম

চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া, মালামাল ফেলে পালালেন তারা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়ার মুখে মালামাল ফেলে পালিয়েছে একদল লোক।

এ সময় তারা দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি একটি বন্দুক প্রদর্শন করে এবং দুই রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয়রা দাবি করেছেন।

স্থানীয় কয়েকজন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত একটি ভ্যানে রড, চাল, কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে তিলকুড়া ও আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ধাওয়া করেন।

স্থানীয় চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ওই ব্যক্তিরা ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করে।

একপর্যায়ে কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয় বলে তিনি দাবি করেন।

তবে এতে গ্রামবাসী পিছু না হটে তাদের ধাওয়া অব্যাহত রাখেন বলেও জানান তিনি।

ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন জানান, স্থানীয়দের জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে ‘চুরি করা মালামাল’ ফেলে পালিয়ে যায় তারা। পরে উদ্ধার করা মালামালের বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন বলেন, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের বিষয়ে পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...