• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু কীর্তনের খাবার নিয়ে বিরোধের জেরে যুবককে গুলির অভিযোগ দুই বছর বয়সে স্কুটার কিনতে গিয়ে ভাইরাল, পড়াশোনার দায়িত্ব নিল শোরুম উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা অন্তুর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩ ভালোবাসার দৃষ্টান্ত, স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা বরগুনায় বিয়ের দাবিতে কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

দুই বছর বয়সে স্কুটার কিনতে গিয়ে ভাইরাল, পড়াশোনার দায়িত্ব নিল শোরুম

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাত্র দুই বছর বয়সেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভারতের মহারাষ্ট্রের শিশু রুদ্রাংশ সিং ঠাকুর। নতুন স্কুটার কিনতে গিয়ে কালো চশমা পরে তার দেওয়া একটি পোজের ভিডিও ইনস্টাগ্রামে ১৩ কোটি ৭০ লাখের বেশি বার দেখা হয়েছে। শিশুটির এমন জনপ্রিয়তার পর এবার তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন স্কুটার বিক্রির শোরুমের মালিক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুদ্রাংশ মহারাষ্ট্রের ইয়াভাতমাল এলাকার বাসিন্দা। গত ৯ নভেম্বর মা-বাবা ও বড় বোনের সঙ্গে নতুন হোন্ডা অ্যাকটিভা স্কুটার কিনতে স্থানীয় একটি শোরুমে যায় সে। সেখানে স্কুটারের সামনে দাঁড়িয়ে কালো চশমা পরে পকেটে হাত রেখে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেয় শিশুটি। ওই মুহূর্তের ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে প্রকাশ করেন ভিডিও নির্মাতা ইয়াশ চিনচোলকর।

ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে এটি ১৩ কোটি ৭০ লাখের বেশি বার দেখা হয়। পাশাপাশি ভিডিওটিতে মন্তব্য জমা পড়ে ৬৮ হাজারের বেশি। শিশুটির আত্মবিশ্বাসী ভঙ্গি ও অভিব্যক্তি নজর কাড়ে নেটিজেনদের। অনেকে তাকে ‘অরা কিড’ নামেও ডাকতে শুরু করেন।

ভিডিওটি নজরে আসে যে শোরুম থেকে রুদ্রাংশের পরিবার স্কুটারটি কিনেছিল, সেটির মালিক দিলীপ বোবাডে পাটিলের। তার মালিকানাধীন ‘সাই পয়েন্ট হোন্ডা’ শোরুম থেকেই স্কুটারটি কেনে পরিবারটি। পরে রুদ্রাংশ ও তার পরিবারের সদস্যদের শোরুমে আমন্ত্রণ জানান তিনি। সেখানে শিশুটির কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণি (কেজি-১) থেকে স্নাতক পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ বহনের প্রতিশ্রুতি দেন।

ভিডিওটির নির্মাতা ইয়াশ চিনচোলকর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। তার মতে, রুদ্রাংশের জন্য এই উদ্যোগ শুধু উপহার নয়, বরং তার ভবিষ্যৎ গড়ে তোলার একটি সুযোগ।

ছেলের এমন জনপ্রিয়তা এবং পড়াশোনার খরচ বহনের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুদ্রাংশের মা। তিনি বলেন, আগে তিনি অন্য শিশুদের ভিডিও দেখতেন। এখন মানুষ তার ছেলের ভিডিও দেখছে, তাকে ভালোবাসা দিচ্ছে এবং তার ভবিষ্যতের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে—এটি তার কাছে অনেক আনন্দের।
এদিকে, রুদ্রাংশের ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকে শিশুটির আত্মবিশ্বাসী ভঙ্গির প্রশংসা করছেন। আবার কেউ মজা করে তাকে ‘ছোট ডন’ কিংবা হোন্ডার নতুন চেয়ারম্যান বলেও মন্তব্য করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...