
বরিশালের ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ, আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল ও তার ওপর হামলার অভিযোগ তুলে সংহতি সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের ব্যানারে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, তাকে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার।
সমাবেশে বক্তারা বলেন, বরিশাল নগরীর ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজ কর্তৃপক্ষের শিক্ষার্থীদের অর্থ আত্মসাতের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন অন্তু বিশ্বাস। ওই আন্দোলনের পর আত্মসাৎ করা অর্থ শিক্ষার্থীদের ফেরত দিতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। পরে আদালত স্বপ্রণোদিত হয়ে জহিরুল ইসলামসহ কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলে অঙ্গীকারনামায় স্বাক্ষর করে কলেজ কর্তৃপক্ষ।
বক্তারা অভিযোগ করেন, সেই অঙ্গীকারনামা লঙ্ঘন করে কোনো ধরনের কারণ দর্শানোর সুযোগ না দিয়েই নিয়মবহির্ভূতভাবে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে কলেজে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে অন্তুর ওপর হামলা চালায় কলেজ কর্তৃপক্ষ।
বক্তারা অবিলম্বে ছাত্রত্ব বাতিলের অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানান। একই সঙ্গে নিজস্ব অবকাঠামো ও প্রশাসনিক কাঠামো না থাকা এবং নার্সিং কাউন্সিলের আইন অমান্য করার অভিযোগে আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলামের বিভিন্ন অপকর্মের অভিযোগের বিচার নিশ্চিত করতে তাকে গ্রেফতারেরও দাবি জানানো হয়।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজয় শুভ, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সদস্য সাজ্জাদুল ইসলাম রুদ্র, নার্সিং শিক্ষার্থী ফাহিম আহমেদ ও মো. নাঈম প্রমুখ।
এ বিষয়ে জানতে ডিডাব্লিউএফ ও আইএসিআইবি নার্সিং কলেজ পরিচালক জহিরুল ইসলামের মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।