
দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ কার্যক্রম তদারকিতে নতুন মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়কে সহায়তা দিতে গঠিত এই কমিটিতে দায়িত্ব পেয়েছেন তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই কমিটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি। এ কাজে কমিটিকে সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।