• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্ট (এ-শিফট)-এর কর্মকর্তারা বিমানবন্দরের গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান গ্রহণ করেন।

এ সময় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে০৫৮৪) ফ্লাইটে আসা যাত্রী রোমান মিখাইলাভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। স্ক্যানিং ও তল্লাশিতে তার কাছ থেকে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী তাকে ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়া হয়। অবশিষ্ট ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়।

অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর রাতে তুরস্কের টার্কিশ এয়ারলাইন্সের (টিকে০৭১২) ফ্লাইটে আগত যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করে ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। পরে তা জব্দ করা হয়।

দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...