• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ স্থানীয় নির্বাচন সম্ভব নয়

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সরকারের নির্দেশনা অনুযায়ী কমিশন পরিচালিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয়করণের অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, বিভিন্ন এলাকায় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নিজেদের দলের লোকদের বসিয়েছে। তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতিতে নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা কঠিন।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আটটি দাবি তুলে ধরেন তিনি। এর মধ্যে নির্বাচন বিলম্বিত না করা, সব প্রার্থীর জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ নিশ্চিত করা, নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি রয়েছে।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। একই সাথে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেও জামায়াতে ইসলামী কয়েক দফা দাবি জানিয়েছিল। দলটির দাবির মধ্যে প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ও ছিল।

অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইসি সচিবের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, প্রাথমিকভাবে কয়েক ধাপে নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...