
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিজের পক্ষে নিজেই লড়াই করতে চান সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎ করে তার ছেলের মাধ্যমে এই ইচ্ছার কথা জানানো হয়েছে।
পেশায় আইনজীবী টুকু ট্রাইব্যুনালে কোনো আইনজীবী নিয়োগ না করে নিজেই আত্মপক্ষ সমর্থনের আগ্রহ প্রকাশ করেছেন। এ উদ্দেশ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ১৭ ধারা অনুযায়ী মামলার প্রয়োজনীয় নথিপত্র চেয়েছেন তার ছেলে।
চিফ প্রসিকিউটর এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ার পর সংশ্লিষ্ট প্রসিকিউটর জানান, ওকালতনামা যাচাই শেষে যদি অন্য কোনো আইনজীবীর নাম না থাকে, তবে তিনি নিজেই নথিপত্র পেতে পারেন।
২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য রয়েছে। এই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১৭ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্ত যেকোনো ব্যক্তি নিজে আত্মপক্ষ সমর্থন করার, প্রয়োজনীয় তথ্য-নথি পাওয়ার এবং সাক্ষীদের জেরা করার পূর্ণ আইনি অধিকার রাখেন।