
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার হোসেন ভূইয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার বিকালে উপজেলার ভূমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ভূইয়া ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানাখান গ্রামের কবরস্থানের জায়গা নিয়ে স্থানীয় জয়দুল ঢালী ও রুবেল ঢালীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার বিকালে জয়দুল ঢালীর বাড়ির সামনে দিয়ে রুবেল ঢালী কদমতলী বাজারে যাওয়ার সময় সেখানে ওঁৎ পেতে থাকা কয়েকজন লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করে। এ সময় রুবেল ঢালীর এক আত্মীয় আনোয়ার হোসেন ভূইয়া তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও মারধর করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আনোয়ার হোসেনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে জাজিরা-মাওয়া এলাকায় পদ্মা সেতুর ওপর অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এদিকে আনোয়ার হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জয়দুল ঢালীর অগ্নিসংযোগ করে।
নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভূমখাড়া ইউনিয়নের মানাখান এলাকায় লোহার রড ও কাঠ দিয়ে হামলা চালিয়ে দুজনকে গুরুতর আহত করা হয়। ঢাকা নেওয়ার পথে একজন মারা গেছেন। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পাঁচটি বাড়িতে আগুন দিয়েছে।