
পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে, গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।
জানা যায়, তিনি এখন সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন। সেজন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সারা হয়েছে।
আজ বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে তার সরকারি বাসভবনে অবস্থানও শেষ হয়।
উল্লেখ্য, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন তিনি। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।