
নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস কর্মকর্তা ও বিজিবি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় পৌর শহরের টেংগাপাড়া এলাকার একটি ঘর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন—পৌর শহরের টেংগাপাড়া এলাকার দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মো. জিয়া উদ্দিন (৪০), হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুরের মোহাম্মদ আলী রুবেল (৪৪), পাবই গ্রামের মো. আমীন (৪২), মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের মিনামুল (৩৫) এবং সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।
খোঁজ নিয়ে জানা গেছে, আটকদের মধ্যে তিনজন সরকারি কর্মী। এদের মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ‘লিডার’ পদে, সোহেল রানা বিজিবিতে এবং জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত। এছাড়া কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার পুলিশ খবর পায় যে ওই এলাকায় টাকার বিনিময়ে জুয়ার আসর বসানো হয়েছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ওই আটজনকে আটক করে।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন বাহিনীর সদস্য থাকার বিষয়টি শোনা যাচ্ছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান জানান, আটকদের মধ্যে সরকারি চাকরিজীবী কেউ আছেন কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের পরিচয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হবে।