
রাজধানীর উত্তরায় বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ‘হোটেল এম্বাসেডর’ এর পাঁচ তলার ছাদ থেকে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি হোটেলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসাইন জানান, খবর পেয়ে শনিবার রাত ১২টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের (মহিলা মেডিকেল) জরুরি বিভাগের সামনে থেকে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, গত পাঁচ দিন ধরে সিয়াম উত্তরার ওই আবাসিক হোটেলটির ৫০২ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। তিনি ইউটিউবে মডেলিংয়ের কাজ করতেন। শনিবার সন্ধ্যায় কক্ষের পশ্চিম পাশের গ্রিলবিহীন থাই গ্লাসের জানালার পাশে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তোলার সময় তিনি দুর্ঘটনাবশত নিচে পড়ে যান। পরে সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিছক দুর্ঘটনা না কি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য সিয়ামের তিন বন্ধুকে আটক করা হয়েছে। নিহত সিয়ামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বালা বাড়ি গ্রামে।