
রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে ঢিল ছোড়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাবের সেন্ট্রাল রোডে আইডিয়াল কলেজের সামনে এই ঘটনা ঘটে।
জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম টিবিএসকে বলেন, বাসে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় সেটিতে ঢিল ছোড়ার ঘটনা ঘটনা ঘটে। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজে ফিরে গিয়ে ঘটনা জানালে তারা লাঠিসোটা নিয়ে আইডিয়াল কলেজের দিকে যায়। পরে সেন্ট্রাল রোডে ধাওযা-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস লক্ষ্য করে ঢিল ছুড়েছে।
অন্যদিকে আইডিয়ালের শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের আক্রমণ করে।