
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা। নারীকণ্ঠে কথা বলে এক ইতালি প্রবাসী তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পিবিআইয়ের দাবি, ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন কৌশলে প্রবাসী তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।
পিবিআই আরও জানায়, পরে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তার পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে আনুমানিক ৭ লাখ টাকা নেওয়া হয়। একপর্যায়ে শাহাদাত ও তার মা বিষয়টি প্রতারণা বলে বুঝতে পারেন।
এ ঘটনায় প্রথমে বাদী একটি সিআর মামলা করেন। কেরানীগঞ্জে করা ওই মামলার নম্বর ১০৫০/২৬ এবং তারিখ ৮ জুলাই ২০২৬। মামলাটি তদন্তকালে পিবিআই ঢাকা জেলা প্রতারণার বিভিন্ন তথ্য-প্রমাণ পায়। পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেনের তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়।
এর পরিপ্রেক্ষিতে বাদীর অভিযোগের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নম্বর ২৮ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে ১৩ সেপ্টেম্বর পিবিআই ঢাকা জেলা মামলাটি স্বউদ্যোগে তদন্তের জন্য গ্রহণ করে। মামলাটির তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মো. মনজুর রহমান।
পিবিআই জানায়, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, বিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম. এন. মোর্শেদের নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা তথ্য ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে আসামির সংশ্লিষ্টতা শনাক্ত করেন। পরে ২০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে দারুস সালাম এলাকা থেকে তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
২১ সেপ্টেম্বর আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
তদন্তে পিবিআই আরও জানতে পারে, তোফায়েল আলম টিটু নারীকণ্ঠে কথা বলতে পারেন। ভুক্তভোগীর সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার পরিচয় হয়। পরে ইমোতে শাহাদাতের সঙ্গে নারীকণ্ঠে কথা বলতেন তিনি। শাহাদাতের মায়ের কাছে নিজের মায়ের অসুস্থতার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে বলে দাবি পিবিআইয়ের।
পিসিপিআর যাচাইয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে সিআর মামলা নম্বর ৪৫৩/২৫ থাকার তথ্য পাওয়া গেছে। ওই মামলার তদন্ত শেষে আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন বলেও জানিয়েছে পিবিআই।
ঘটনার সঙ্গে আরও কোনো ব্যক্তি জড়িত কি না এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।