
মেহেরপুরের মুজিবনগরে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর ছেলে হানিফ মহলদারসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তহুরা খাতুনের স্বামী মৃত রমজান মহলদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে সামনের পাকা রাস্তায় পৌঁছান হানিফ মহলদার। এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে মা তহুরা খাতুন এগিয়ে এলে তিনিও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে হানিফের মামা শহিদুল মোল্লা ও রহজান মহলদার ঘটনাস্থলে ছুটে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন আহতরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত হানিফ মহলদার (৫০), রহজান মহলদার (৪০) ও শহিদুল মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ইসলাম মহলদার (৫০), শাহিন মহলদার (২৫), জাহিদ মহলদার (২২), ছয়রদ্দীন মহলদার (৪৫), আসান মহলদার (৬০), জানদার মহলদার (৬০) ও আমজাদ মহলদারসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় এবং তাঁদের ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সত্যতা যাচাই করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।