
গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নির্যাতনের শিকার সাব্বির খান পিরোজপুরে পৌঁছালে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে উপস্থিত জেলা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি আহত নেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, এর আগেও নাজিরপুরের টুঙ্গিপাড়া সীমান্তবর্তী মালিখালী ইউনিয়নে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা। কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলে যেকোনো কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনও কেন্দ্রীয় সভাপতিকে বলেন, বিগত দিনে নেতৃত্বের নির্দেশনায় তারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে যেকোনো জায়গায় যেতে প্রস্তুত রয়েছেন তারা।
জবাবে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোথাও দেখলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। ছাত্রদল আইন নিজের হাতে তুলে নেবে না।
রাকিবুল ইসলাম আরও বলেন, গোপালগঞ্জের সবাই তাদের প্রতিপক্ষ নন; তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে। একই সঙ্গে আহত সাব্বির খানকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর তার পাশে থাকার আশ্বাসও দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি।