• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে নির্যাতন

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গোপালগঞ্জে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে নামিয়ে নির্যাতন ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার সাব্বির খান (ছাত্রদলের সহসাধারণ সম্পাদক) বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

সাব্বির খান ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনের শিকার হন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে যাওয়ার উদ্দেশে বৃহস্পতিবার বিকেলে ঢাকার নর্দা থেকে ঈমাদ পরিবহনের একটি বাসে ওঠেন সাব্বির। রাত ৮টার দিকে বাসটি গোপালগঞ্জের পুলিশ লাইন ও ব্যস্ততম এলাকার মাঝামাঝি পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয় দেওয়া একদল ব্যক্তি বাসটি থামায়। এ সময় তারা সাব্বিরের মোবাইল ফোন তল্লাশি করে ছাত্রদলের বিভিন্ন পোস্ট এবং দলীয় পদে থাকার তথ্য পান। পরে তাকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

সাব্বিরের অভিযোগ, যাত্রাপথে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা জানান। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তি বাসের পেছনে গিয়ে কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এর পরপরই বাসটি থামিয়ে তাকে তুলে নেওয়া হয়।

তিনি জানান, তুলে নেওয়ার পর লাঠিসোটা ও অস্ত্রধারী প্রায় ২০ জনের একটি দল তাকে জিম্মি করে শারীরিক নির্যাতন চালায়। এ সময় তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে অস্ত্রের মুখে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয় তাকে। পরে সেই বক্তব্য ভিডিও করে তার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

সেখান থেকে কৌশলে পালিয়ে অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুর পৌঁছান সাব্বির। খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা শহরের সি অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।

ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি এবং জোরপূর্বক ফেসবুকে আপত্তিকর বক্তব্য প্রচারের ঘটনায় তারা ক্ষুব্ধ। আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে পিরোজপুর জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে, ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলের মাধ্যমে সাব্বিরের খোঁজখবর নেন। তার সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন তারা।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের বিষয়টি তারা জেনেছেন। হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের কাছ থেকে ঘটনার বিবরণ নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...