সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর ফল পুনর্নিরীক্ষণের আবেদনেও কাঙ্ক্ষিত ফল না পেয়ে ফাহমিদা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে।
নিহত ফাহমিদা বাহারবাগ গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৪ নম্বর পেলেও ফাহমিদাকে অকৃতকার্য দেখানো হয়। পরবর্তীতে সে ফল পুনর্নিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) জন্য আবেদন করে। কিন্তু পুনর্নিরীক্ষণের ফলাফলেও ইংরেজিতে অকৃতকার্যই থেকে যায়। এরপর থেকেই সে চরম মানসিকভাবে ভেঙে পড়ে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ফাহমিদা। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পুলিশ পেয়েছে এবং ঘটনাটিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ রকম আরো সংবাদ...