• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা, গ্রেপ্তার ৩ ঝিনাইদহে ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল কক্সবাজারের বারে যুবক খুন, মারা গেছেন অভিযুক্তও রাজধানীর উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ মক্কা প্রতিরক্ষা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা রয়েছে, জানিয়েছে পাকিস্তান রাজধানীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে ডিএমপি একাদশ শ্রেণিতে বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে দেওয়া হবে টিসি সংসদে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে বিল উত্থাপন বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী

একাদশ শ্রেণিতে বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে দেওয়া হবে টিসি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশনা দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। একইসঙ্গে কলেজে অধ্যয়নরত অবস্থায় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ শর্ত উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নেই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে।’

ভর্তি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের নিয়মিত ও ব্যাবহারিক ক্লাসে উপস্থিত থাকা, কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরা, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। পাশাপাশি কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়মে কারও আপত্তি থাকলে তাকে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় এবার শিক্ষার্থী নেবে হলি ক্রস কলেজ। এসএসসি পরীক্ষার ফলাফল ও কলেজের লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ নির্ধারণ করা হয়েছে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও রয়েছে পৃথক যোগ্যতা। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবে।

আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আবেদনকারীদের পরবর্তী সময়ে সিলেকশন টেস্টে অংশ নিতে হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

হলি ক্রস কলেজে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে কলেজ-সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, দেশের প্রচলিত আইন অনুযায়ী মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ বছর। অন্যদিকে একাদশ শ্রেণিতে ভর্তির বয়স সাধারণত ১৫ থেকে ১৬ বছর। এ কারণেই ভর্তি বিজ্ঞপ্তিতে বিয়েসংক্রান্ত শর্ত যুক্ত করা হয়েছে।

কলেজ-সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, এ ধরনের শর্ত গত বছরও ছিল। ফলে চলতি বছর এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...