
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দিন রাজধানীর পল্টন মোড়েও সমাবেশের আয়োজন করা হবে। সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
সোমবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে তিনি বলেন, আগামী বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সব জেলায় একযোগে গণমিছিল করবে।
তিনি জানান, ঢাকায় সকাল ১১টায় রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের আগে সমাবেশ শেষে গণমিছিল বের হবে। রাজধানীর এ গণমিছিলে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাদের যৌথসভায় ৫ আগস্ট রাজধানীতে সমাবেশ ও গণমিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সভায় সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। পরে সোমবারের বিবৃতিতে রাজধানীর কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী সব জেলায় একযোগে গণমিছিলের ঘোষণা দেওয়া হয়।