• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, জব্দ সিএনজি অটোরিকশা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান আর প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বাঁশখালী। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে শেখ হাসিনার নামে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে মাইকিংয়ে ব্যবহৃত সেই সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ২ মিনিট ৫৬ সেকেন্ডের ওই ভিডিও। এতে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছে। মাইকিং কর্মসূচির আয়োজক হিসেবে উল্লেখ করা হয়েছে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’।

জানা গেছে, রোববার বেলা দুইটা থেকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে অটোরিকশাটি নিয়ে মাইকিং করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইকের শব্দে ছড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার নামে প্রচারণা।

ঘটনার পর সোমবার সকালে মাইকিংয়ে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেছে বাঁশখালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘গতকাল যে সিএনজিটি স্লোগান বাজানোর কাজে ব্যবহার করা হয়েছে, সেটি আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জড়িতদের নাম পাওয়া গেছে।’

জড়িত ব্যক্তিরা কোনো পদধারী নেতা কি না- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘না, তারা সিএনজি চালায়। আটক করা সিএনজিটির চালকই এ ঘটনার সঙ্গে জড়িত।’

এদিকে, কারা এই মাইকিংয়ের আয়োজন করেছে, সে বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে সোমবার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এটি বাঁশখালী উপজেলা ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ বোরহান উদ্দীনের আয়োজন বলে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাঁশখালী উপজেলা ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ বোরহান উদ্দীনের উদ্যোগে মাইকিং করে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই বার্তা। গ্রাম বাংলায় খবর দে, শেখের বেটি আসতেছে! গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা- সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই শেখ হাসিনা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...