
ভূমি অফিসে না গিয়েই জমির খতিয়ান সংগ্রহ, নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ তৈরি করতে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলার ভূমি অফিসকে কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে।
জমির রেকর্ড, খতিয়ান ও হোল্ডিংয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, যাচাই ও সংশোধনের দায়িত্ব পেয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এ কাজের জন্য পরামর্শক সেবা নিতে ব্যয় হবে ৩৬২ কোটি টাকা।
ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
দেশের ভূমি প্রশাসনকে কাগজবিহীন ও দালালমুক্ত করার লক্ষ্যে ২০২০ সালের জুলাইয়ে প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় ভূমিসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও সেবা প্রদানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নাগরিকদের ভোগান্তি, হয়রানি ও সময়ক্ষেপণ কমবে বলে আশা করছে সরকার।
এক তথ্যভান্ডারে জমির সব রেকর্ড
প্রকল্পের আওতায় জমির রেকর্ড, খতিয়ানসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির মালিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মোবাইল নম্বর যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এতে জমির মালিকানা যাচাই সহজ হবে। কেউ জমি কেনার আগে সংশ্লিষ্ট জমির মালিকানা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যাচাই করতে পারবেন। পাশাপাশি জাল খতিয়ান ও ভুয়া দলিল তৈরির ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে জমির নামজারি, খতিয়ান সংগ্রহ কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নাগরিকদের সরাসরি ভূমি অফিসে যেতে হয়। অনেক ক্ষেত্রে একই কাজের জন্য একাধিকবার অফিসে যাতায়াত করতে হয়। এতে অর্থ ও সময় ব্যয়ের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরশীল হতে হয়।
নতুন ব্যবস্থা চালু হলে অনলাইনে এসব সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে। ফলে ঘরে বসেই নামজারির আবেদন, খতিয়ান সংগ্রহ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন জমির মালিকেরা।
তবে ডিজিটাল সেবা ব্যবহারে অদক্ষ ও প্রযুক্তিসুবিধাবঞ্চিত মানুষের জন্য বিকল্প সহায়তা নিশ্চিত করাও জরুরি। বিশেষ করে গ্রামের বয়স্ক মানুষ এবং স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারে অনভিজ্ঞ নাগরিকদের জন্য সহায়তামূলক ব্যবস্থা না থাকলে নতুন পদ্ধতিতেও ভোগান্তির আশঙ্কা রয়েছে।