
ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে পরিচালিত প্রতিটি অভিযান বাধ্যতামূলকভাবে ভিডিওতে ধারণ করার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
একই সঙ্গে অভিযানে জব্দ করা পণ্যের সঠিক হিসাব ও নিরাপদ সংরক্ষণ, আপিল মামলা পরিচালনার জন্য নির্ধারিত আইনজীবী নিয়োগ এবং প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের মতো গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার কাজে গতি আনতে কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগ ও তাঁদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত এই নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় মোবাইল কোর্টের সক্ষমতা ও কার্যকারিতা বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকেই মাঠ প্রশাসনের জন্য ছয়টি সুনির্দিষ্ট নির্দেশনা অন্তর্ভুক্ত করে এই পরিপত্র জারি করা হলো।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি অভিযানের ধারণকৃত ভিডিও ফুটেজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করতে হবে। ফুটেজগুলোতে মামলার নম্বর ও তারিখ স্পষ্টভাবে উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট সংস্থার দপ্তরে জমা রাখতে হবে।
পাশাপাশি এই ভিডিও ফুটেজের একটি অনুলিপি জেলা পর্যায়ের মিডিয়া সেলেও পাঠাতে হবে। ভবিষ্যতে মোবাইল কোর্টের কোনো আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়ের করা হলে, প্রয়োজন সাপেক্ষে এসব ভিডিও দৃশ্য অকাট্য প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করা যাবে।
অভিযানে জব্দ করা মালামাল ও পণ্যের ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত পণ্য রাখার জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিরাপদ স্থান নির্ধারণ করতে হবে। এসব পণ্য বুঝে নেওয়া, নিয়মিত তদারকি করা এবং আদালতের প্রয়োজনে সরবরাহ করার দায়িত্ব নির্দিষ্ট কর্মকর্তাদের ওপর ন্যস্ত করতে হবে।
জব্দ করা প্রতিটি পণ্যের বিস্তারিত বিবরণ একটি নির্ধারিত রেজিস্টার খাতায় লিপিবদ্ধ রাখতে হবে। এই রেজিস্টারে সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষর থাকার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে পণ্যগুলো পরীক্ষা করে তা সত্যায়িত করতে হবে। তবে যেসব পণ্য দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, সেগুলো প্রচলিত বিধি মোতাবেক দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টের রায়ের বিরুদ্ধে হওয়া আপিল মামলাগুলো শক্তভাবে মোকাবিলা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপিলের শুনানিতে সরকারের পক্ষে আইনি লড়াই চালানোর জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি এবং সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে যোগ্য আইনজীবী নির্ধারণ করবেন।
নির্ধারিত আইনজীবীদের নিয়োগের বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে হবে। মামলার সার্বিক অগ্রগতি এবং প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদানের বিষয়টি সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আর এই পুরো আইনি প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা করার জন্য জনবল সংকট দূর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কার্যালয়ের প্রয়োজনীয় কর্মচারীদের লিখিত আদেশের মাধ্যমে পেশকারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করতে হবে।
দায়িত্বপ্রাপ্ত এই কর্মচারীদের কাজের দক্ষতা বাড়াতে বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে আগামী এক মাসের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের একটি পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
অভিযানের সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং গুজব প্রতিরোধে প্রতিটি জেলায় চার সদস্যের একটি শক্তিশালী মিডিয়া সেল গঠন করা হবে। এই সেলের নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। জেলা তথ্য অফিস এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সেলের সদস্য হিসেবে কাজ করবেন।
গঠিত এই মিডিয়া সেল মূলত অভিযানের ছবি, ভিডিও ফুটেজ এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করবে। এরপর সেগুলো যথাযথভাবে সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করবে। এই কাজে কারিগরি মান বজায় রাখতে প্রয়োজনে বাইরে থেকে কারিগরি সেবা গ্রহণেরও সুযোগ রাখা হয়েছে।