
দুর্গাপূজায় তিনদিনের সাধারণ ছুটি চায় জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই সংগঠনের নেতারা এ দাবি করেন।
এ সময় তারা আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
মহাজোটের নেতাদের দাবি, আগামী বছর থেকে দুর্গাপূজায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হোক। সরকারি ছুটির তালিকায় এ ছুটি অন্তর্ভুক্তের দাবি জানান তারা।
এ সময় আসন্ন দুর্গাপূজায় এক দিনের নির্বাহী আদেশে ছুটিসহ তিন দিনের ছুটি দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ- তিনি মোট তিন দিন ছুটি ঘোষণা করেছেন। আমরা আগামী বছর দুর্গাপূজায় তিন দিন সাধারণ ছুটি চাই। অষ্টমী, নবমী ও দশমী এই তিন দিন। কারণ নির্বাহী আদেশের ছুটি আগামীতে নাও থাকতে পারে।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর করা হয়েছে দাবি করে তারা বলেন, গতকাল রাতেও ঠাকুরগাঁওয়ে মন্দির ভাঙচুর করা হয়েছে। এগুলো নিয়ন্ত্রণে প্রশাসনের সদিচ্ছার অভাব রয়েছে বলে আমরা মনে করি।
হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা ও আত্মহত্যা বেড়ে গেছে দাবি করে তারা বলেন, গত ৯ মাসে ৪৬ জনকে হত্যা করা হয়েছে। এ সব ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি।