• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

খুলনায় হুমকির একমাস পর ফার্মেসির ভেতরেই মালিকের ছেলেকে গুলি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঠিক একমাস আগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে ‘চয়নিকা’ ফার্মেসির ম্যানেজারের কাছে নগদ ২০ লাখ টাকা ও দশটি মোটর সাইকেল চাঁদা দাবি করেছিল এক সন্ত্রাসী বাহিনীর প্রধান নূর আজিম। সেই সঙ্গে চাঁদা না দিলে ফার্মেসি মালিককে হত্যার হুমকিও দেওয়া হয়। এ অবস্থায় আতঙ্কে প্রতিষ্ঠান মালিক ফার্মেসিটি বন্ধ করে দেন। পরে পুলিশের আশ্বাসে ফার্মেসিটি চালু করার ১৩ দিনের মধ্যে আজ শুক্রবার সন্ধ্যায় মালিকের ছেলে জারিফকে গুলি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশা চালক ওয়াসিক হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা একজন ফার্মেসীর সামনে আসে। তখন সেখানে কোন পুলিশ ছিল না। এরপর একটি মোটরসাইকেল সেখানে এসে দাঁড়ায়। এ সময় হঠাৎ বোরকা পরা লোকটি অস্ত্র বের করে ফার্মেসীর ভিতরে একটি গুলি করে এবং মোটরসাইকেলে উঠে চলে যায়।

এরপর চিৎকার চেচামেচি হয়। পরে ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়। গুলি হওয়ার কারণে তখন সেখানে ফাঁকা হয়ে যায়। এ অবস্থায় তিনি রিকশা নিয়ে এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে পাশের ক্লিনিকে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার পর ফার্মেসিটি ফের বন্ধ হয়ে গেছে।

এর আগে সন্ত্রাসীর হুমকির পর গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। এ অবস্থায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম দেয় ৷ এরপর পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাত থেকে পুলিশ পাহারায় ফার্মেসীটি আবার চালু হয়। চালুর ১৩ দিনের মাথায় আজ সন্ত্রাসীরা ফার্মেসিতে ঢুকে গুলি করে দোকান মালিকের ছেলেকে। অন্যান্য দিনের মত আজও দোকানে পুলিশ পাহারা ছিল। কিন্তু ঘটনার সময় সেখানে কোন পুলিশ ছিল না বলে জানা গেছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ফার্মেসীর সামনে এসে গুলি করে চলে যায়। গুলিটি ফার্মেসি মালিক এবিএম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান জারিফের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। তিনি বলেন, ‘ফার্মেসিতে নিয়মিত পাহারা রয়েছে। ঘটনার সময় পুলিশ সদস্যরা দুরে থাকতে পারে।’

এদিকে ঘটনার ওই এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...