• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

স্ত্রীকে গুলি করার ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার তিন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর দারুসসালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক গৃহবধূকে পিস্তল থেকে গুলি করার অভিযোগে তার স্বামী আব্দুল মান্নান ওরফে হান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ছাড়া পিস্তল লুকিয়ে রাখতে সহায়তা করার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রোববার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন হান্নানের ছেলে মো. রাকিব (২৫) ও রাকিবের বন্ধু হাতিম মিয়া (২১)।

র‍্যাব-৪-এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, গত শনিবার গুলির ঘটনা ঘটে। এর পর র‌্যাব-৪ এর একটি দল ঘটনার রহস্য উদঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। গতকাল ভোরে দাসরুসসালাম এলাকা থেকে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি এবং ২১৫ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

র‌্যাবের ভাষ্যমতে, ঘটনার পর রাকিব একটি গল্প সাজিয়েছিলেন। লোকজনকে তিনি জানিয়েছিলেন, জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা গুলি করেছে। র‌্যাব ছায়া তদন্তে নেমে ওই তথ্যের কোনো সত্যতা পায়নি।

র‌্যাব বলছে, গ্রেপ্তার করা আব্দুল মান্নান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি স্ত্রী-সন্তান নিয়ে দারুসসালামের মসজিদ গলিতে একটি টিনশেড বাসায় ভাড়া থাকেন। দারুসসালামসহ আশেপাশ এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করতেন। প্রায়ই স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেন। গত শনিবার সন্ধ্যায় মাদক সেবন করে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদে জড়ান। কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী জেসমিনের ডান হাতে গুলি করেন। জেসমনিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

র‌্যাবের ভাষ্য, ঘটনার পরপর মান্নান পিস্তলটি লুকিয়ে রাখতে তার ছেলে রাকিবের কাছে দেন। এরপর রাকিব সেটি তার বন্ধু একই এলাকার হাতেমের বাসায় রাখেন। গ্রেপ্তারের পর রাকিবের তথ্যের ভিত্তিতে হাতিমের বাসায় অভিযান চালিয়ে ড্রয়ার থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই পিস্তল থেকেই জেসমিনকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...