
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাড়ির দক্ষিণ পাশে একটি পানখেতের পাশের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জুতার সূত্র ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহের সন্ধান পান স্বজনরা।
নিহত যুথি উপজেলার সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া (মাছুয়াখালী) গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় যুথি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে জুতার সূত্র ধরে বাড়ির আশপাশে খোঁজ করতে গিয়ে পানখেতের পাশে তার মরদেহ দেখতে পান স্বজনরা। এ সময় মরদেহের পাশে তার প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাগত কাগজপত্র ও একটি ফাইল পড়ে ছিল।
মেয়ের মরদেহ দেখতে পেয়ে বাবা জামাল হাওলাদার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে শোক ও ক্ষোভ।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে।’