
নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০-১২ জনের একটি দল দোকানে ঢুকে মালিককে মারধর করে স্বর্ণালঙ্কার ও রুপা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংগঠিত ডাকাতির ঘটনাটির দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দোকান মালিক দেবাশীষ ঢালী গণমাধ্যমকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি দল হঠাৎ তার দোকানে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করে। পরে দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও ২০০-৩০০ ভরি রুপা লুট করে নিয়ে যায়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে লুণ্ঠনকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত।’