
বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস মিয়াকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া বন্দর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাবেক কাউন্সিলর ইউনুস মিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মিঠুর বাবা।
বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান। তিনি জানান, ইউনুস মিয়াকে বাইশারী ইউনিয়ন শ্রমিক দল নেতা মো. রাসেল দায়েরকৃত বিস্ফোরক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার বিকেলে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।